বাঁচার জন্য শ্রমিকের আকুতি

১৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের একটি স্বর্ণের খনিতে বিস্ফোরণে আটকে পড়ে ১২ শ্রমিক। আটকেপড়া শ্রমিকরা বাঁচার আকুতি জানিয়েছেন।

উদ্ধারকর্মীদের সূত্রে জানা যায়, আটকেপড়া শ্রমিকের হাতে লেখা চিরকুট পেয়েছেন, যাতে লেখা আমাদের উদ্ধার করার প্রচেষ্টা বন্ধ করবেন না, আমরা এখনও বেঁচে আছি। খবর: দ্যা গার্ডিয়ানের।

গত ১০ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় শানদুং প্রদেশের হুশান স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর ২২ খনি শ্রমিক নিখোঁজ হয়েছে। যাদের কাছ থেকে বার্তা পাওয়া গেছে, তারা নিজেদের সংখ্যা ১২ জন বলে জানিয়েছেন। বাকি ১০ জনের কোনো হদিস এখনও পাওয়া যায়নি।

চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকর্মীরা একটি সরু পাইপের সাহায্যে শ্রমিকদের এই দলটির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তারা প্রথমে পাইপের ভেতরে রশি পাঠানোর পর অনুভব করেন ভেতর থেকে এটি ধরে টানা হচ্ছে। এর পর তারা একই পথে খাবার, ওষুধ, কাগজ ও পেনসিল ভেতরে পাঠান।

ওই কাগজে শ্রমিকরা তাদের অবস্থানের কথা লিখে জানিয়েছেন। তারা আরও বেশি ওষুধ, বিশেষ করে ব্যথা ও প্রদাহনাশক ওষুধ এবং ব্যান্ডেজ পাঠানোর আবেদন করেছেন। তারা আরও বলেছেন, তারা যেখানে অবস্থান করছেন, সেখানকার পানির উচ্চতা অনেক বেশি।

চীনের গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখন সুড়ঙ্গ খনন করে আটকেপড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

জনপদ থেকে দূরে অবস্থিত খনিটিতে বিস্ফোরণের খবর উদ্ধারকর্মীরা একদিন পর জানতে পারার কারণে শ্রমিকদের উদ্ধারে সময় নষ্ট হয়।

বিস্ফোরণ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *