০৯ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের পূর্বাঞ্চলে সামরিক বাহিনী ও বিদ্রোহী বিভিন্ন গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
মঙ্গলবার জাতিসংঘের মিয়ানমার দপ্তর জানায়, দেশটির বেসামরিক বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক বাছবিচারহীন হামলা ও ব্যাপক সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। খবর: এএফপি।
তারা আরো জানায়, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়কেন্দ্র ও স্বাস্থ্য সেবা প্রয়োজন। এছাড়া নিরাপত্তা বাহিনী এসব এলাকায় চলাফেরার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করায় অতি প্রয়োজনীয় সাহায্য সরবরাহ বিলম্বিত হচ্ছে।
কায়াহ রাজ্যের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন গ্রামে মোতায়েন করে রাখা কামান ব্যবহার করে গোলা বর্ষণ করার জন্য সামরিক বাহিনীকে দায়ী করে।
উল্লেখ্য, পয়লা ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনা বাহিনী। এরপর থেকে মিয়ানমারে বিশৃংখলা লেগেই রয়েছে।
মিয়ানমার/এসকেএম















