মিয়ানমারে জঙ্গল থেকে ৪০ মরদেহ উদ্ধার

০৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মিয়ানমার): মিয়ানমারে গহীন জঙ্গল এলাকা থেকে ৪০টি মরদেহ খুঁজে পেয়েছে সেনা সরকার বিরুদ্ধে লড়ে যাওয়া একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয়রা।

দেশটিতে সাগাইং অঞ্চলে কানি শহরের আশপাশে জঙ্গলের বিভিন্ন স্থানে গত কয়েক সপ্তাহে লাশগুলো পাওয়া গেছে। খবর: রয়টার্স।

এই অঞ্চলে সামরিক শাসন বিরোধীদের মিলিশিয়া গোষ্ঠীগুলোর সাথে সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।

কিছু মরদেহে নির্যাতনের চিহ্নও রয়েছে বলে জানিয়েছেন মিলিশিয়া বাহিনীর এক সদস্য।

এ বিষয়ে জানতে সামরিক বাহিনীর মুখপাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ানমারের ইরাবতী পত্রিকা স্থানীয়দের বরাত দিয়ে বলেছে, ৩০ জুলাইয়ে সাগেইং অঞ্চলের জঙ্গল এলাকায় ১২টি মরদেহ পাওয়া যায় যাদের একজনের বয়স ১৪ বছর। সবগুলো মরদেহেই ছিল নির্যাতনের চিহ্ন।

এর আগে জুলাই এর শুরুর দিকে ওই এলাকারই আরেকটি গ্রামে পাওয়া গিয়েছিল ১৬টি মরদেহ। অন্যান্য এলাকায় মিলেছিল আরও ১২টি মরদেহ। বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ৪০টিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ওই মিলিশিয়া সদস্য।

গত ১ ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করার পর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

মিয়ানমার/এসকেএম