১০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের মুম্বাইয়ে একটি ভবনধসে ৮ শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
বুধবার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে মুম্বাইয়ে মালাদের দ্বিতল এই ভবনটি একটি বস্তিতে ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।
নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, এখনও ধ্বংসাবশেষের মধ্যে অনেকে আটকা পড়ে আছেন।
বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) বলছে, এ ভবনের পাশের আরেকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। উদ্ধারকাজে স্থানীয়রাও যোগ দিয়েছেন এবং আহতদের উদ্ধার করে কান্দিভালির হাসপাতালে নিয়ে গেছেন।
হাসপাতালের এক চিকিৎসক বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। যার মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
ভারত/এসকেএম















