মুম্বাইয়ে ভবনধসে ব্যাপক হতাহত

১০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের মুম্বাইয়ে একটি ভবনধসে ৮ শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।  এতে আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

বুধবার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে মুম্বাইয়ে মালাদের দ্বিতল এই ভবনটি একটি বস্তিতে ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।  খবর: এনডিটিভি।

নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, এখনও ধ্বংসাবশেষের মধ্যে অনেকে আটকা পড়ে আছেন।

বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) বলছে,  এ ভবনের পাশের আরেকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। উদ্ধারকাজে স্থানীয়রাও যোগ দিয়েছেন এবং আহতদের উদ্ধার করে কান্দিভালির হাসপাতালে নিয়ে গেছেন।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন।  যার মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

ভারত/এসকেএম