সিলেটসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

১৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): সারা দেশেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে। কোথাও মাঝারি, কোথাও ভারী। আবার চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার দেয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে পাহাড়ি ঢলে ইতিমধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সিলেট অঞ্চলে বন্যা উপদ্রুত মানুষকে রক্ষায় গতকাল থেকে সেনাবাহিনী নামানো হয়েছে। গতকাল দেয়া বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আরও দু-তিন দিন ধরে অবনতি হতে পারে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা আছে।

আবহাওয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *