নিউজ ডেস্ক: কোনক্রমেই অসাংবিধানিক পদ্ধতিতে সরকারের পতন হবে না। সরকারের পতন ঘটাতে চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
সোমবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপি আন্দোলন করে আর হুমকি দিয়ে নির্বাচিত সরকারের পতন ঘটাতে পারবে না-উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে বলেও উল্লেখ করেন তিনি।
১০ ডিসেম্বর সমাবেশ করে বিএনপি কিছুই করতে পারবে না, উল্লেখ করে মন্ত্রী বলেন, বাড়াবাড়ি করতে চাইলে মতিঝিল থেকে হেফাজত যেরকম ভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল, সেরকম পরিষ্কার হয়ে যাবে।
তিনি মাটির টেকসই ব্যবস্থাপনায় বিজ্ঞানীদেরকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অধিক ফসলের জন্য সার ব্যবহারে মাটির স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। মাটির টেকসই ব্যবহার করতে হবে। এখানে বিজ্ঞানীরা দুর্বল ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানীদেরকে বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে কর্মজীবনেও হাতেকলমে বা মাঠের শিক্ষা নিতে হবে।
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামের সাথে মাঠের সম্পর্ক খুবই কম উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদেরকে হাতে-কলমে মাঠপর্যায়ে গিয়ে শেখাতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা আধুনিক ডেইরি ফার্ম নেই, পোল্ট্রি ফার্ম নেই। মন্ত্রী কৃষি গবেষণা সংশ্লিষ্টদের তাগিদ দিয়ে বলেন, প্রয়োজনে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়ে বসেন। কারিকুলাম প্রণয়নে পরামর্শ দেন, কারিকুলাম আপডেট করেন।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply