অসুস্থ মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে

নিউজ ডেস্ক: অসুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সহায়তা অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। বলেন অসুস্থ, বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন ভাতাসহ সমাজের অসহায় মানুষদের ভাতা প্রদান করছে বর্তমান সরকার।

বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ক্যান্সার, জন্মগত হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের নিয়মিত সহায়তা প্রদান কর্মসূচি ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অসহায় মানুষের প্রতি বিশেষ সহায়তা প্রদান অব্যাহত আছে। মন্ত্রী এসময় বিভিন্ন অসহায় মানুষের জনপ্রতি ১ লাখ, ২ লাখ, ৫ লাখ টাকা করে সহায়তা প্রদানের কথা উল্লেখ করেন। বলেন, বর্তমান সরকারের আমলে কেউই অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত থাকবে না।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে বড়লেখার অসুস্থ ৯ জনকে ৪ লাখ ৪৫ হাজার টাকার অর্থিক সহায়তার চেক এবং ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত ২টি এতিমখানার মাঝে ৫ লাখ ৬৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

শাহাব উদ্দিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ