আপাতত গাছ কাটা বন্ধ

১১ মে ২০২১ (নিউজ ডেস্ক): প্রতিবাদের মুখে সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ থাকবে। এমনটাই জানালেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জানিয়েছেন, পরিবেশবিদসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা জানান। সোহরাওয়ার্দী উদ্যানে চলমান স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, অন্যান্য উদ্যানের চেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের প্রেক্ষাপট ও তাৎপর্য ভিন্ন। অন্যান্য উদ্যান শুধুই একটি উদ্যান। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। এ উদ্যান বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সূতিকাগার।

তিনি জানান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মোট ১০০টি গাছ কাটার কথা ছিল। এ সিদ্ধান্ত অনুযায়ী আতোমধ্যে ৫০টি গাছ কাটা হয়েছে। এ বিষয়ে পরিবেশবিদসহ অন্যান্য সচেতন মহল উদ্বেগ জানিয়েছে। তাদের এই উদ্বেগকে বিবেচনায় নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। পরিবেশের ক্ষতি না করে কীভাবে উদ্যানের কাজ চলমান রাখা যায় সে উপায় বের করার চেষ্টা করবো।

মোজাম্মেল হক বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে বিভিন্ন সময়ের আন্দোলন, ঘটনাসহ মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে শিখা চিরন্তন, স্বাধীনতা স্তম্ভ, ভূ-গর্ভস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, আধুনিক নগর উপযোগী সবুজের আবহে দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানে গড়ে তোলা ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়)’ শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও জানান, যেখানে পাকিস্তানি শাসনবিরোধী ২৩ বছরের মুক্তিসংগ্রাম ও ৯ মাসের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত ভাস্কর্য স্থাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানে ভাস্কর্য স্থাপন, ইন্দিরা মঞ্চ নির্মাণ, ওয়াটার বডি ও ফাউন্টেইন নির্মাণ, ৫০০ গাড়ির জন্য ভূগর্ভস্থ পার্কিং, মহিলা, শিশু ও প্রতিবন্ধীদেরআলাদা টয়লেট ফ্যাসিলিটিসহ ৭টি ফুড কিয়স্ক, শিশু পার্ক নির্মাণসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যান/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *