৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান সম্পর্কিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর এই প্রতিবেদন বিদ্বেষপ্রসূত, আপত্তিকর এবং অগ্রহণযোগ্য।
বৃহস্পতিবার দুপুরে তথ্যমন্ত্রী চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড়ের বাসায় সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্যারিসভিত্তিক সংস্থা রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স বাংলাদেশের প্রতি সবসময়ই বিদ্বেষপ্রসূত বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, তারা বাংলাদেশের গণমাধ্যম নিয়েও অসত্য, ভুল ও মনগড়া রিপোর্ট করে। তাদের গতবছরের একটি প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে প্রচণ্ড আপত্তিকর মন্তব্য ছিল। সেই প্রতিবেদনের বিরুদ্ধে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছিল। একইভাবে কয়েকজন প্যারিস প্রবাসী ফরাসী আইনজীবীর মাধ্যমে আরএসএফ-এর বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছিল। সেই আইনি নোটিশে বলা ছিল, তারা কোনও দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের ব্যাপারে এরকম মন্তব্য করতে পারে না, ফ্রান্সের আইনেই সেটি বলা আছে।
সেই একই সংগঠন যখন আবারও বাংলাদেশের গণমাধ্যম নিয়ে কথা বলে, তখন স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে তারা অসৎ উদ্দেশ্য নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছে।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply