৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): সীমিত আকারে লকডাউন দিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলা করা যাচ্ছে না। তাই এবার কঠোর অবস্থায় যাচ্ছে সরকার। এ বিষয়ে আগাম আভাষ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।
শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। একই সাথে বাড়ছে জনগণের উদাসীনতা। এ অবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।
ওবায়দুল কাদের বলেন, চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোন পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ১৮ দফা বিধিনিষেধ দিয়ে লকডাউন ঘোষণা করে গত ৪ এপ্রিল থেকে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
শুরুতে গণপরিবহন ও শপিংমল বন্ধ রাখা হলেও শর্তসাপেক্ষে বুধবার থেকে গণপরিবহন চলাচল শুরু হয়। আজ শুক্রবার খুলে দেয়া হয় শপিংমল।
লকডাউন/টিটি/আরএম
















Leave a Reply