আন্তর্জাতিক ডেস্ক: ইংলিশ চ্যানেলের ফরাসি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে ফ্রান্সের কালে শহরের কাছে সাগরে নৌকাডুবির এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফরাসি কোস্টগার্ড।
ফরাসি ও ব্রিটিশ কোস্টগার্ডের সদস্যরা ৫৯ জনকে জীবিত উদ্ধার করেছেন। তাদের বেশির ভাগই আফগান নাগরিক। ধারণা করা হচ্ছে, এ নৌকাডুবির ঘটনায় দুজন এখনও নিখোঁজ।
ফ্রান্সের উপকূলীয় শহর বুলোনের সরকারি উপকৌঁসুলি ফিলিপ সাবাতিয়ের বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৃত ছয়জনের সবাই আফগান নাগরিক। তাদের প্রত্যেকের বয়স ত্রিশের কোঠায় বলে ধারণা করা হচ্ছে।
সাবাতিয়ের আরও বলেন, জীবিত উদ্ধার হওয়া মানুষের মধ্যে কয়েকটি শিশুও আছে। উদ্ধার মানুষের মধ্যে আফগান নাগরিক ছাড়াও কয়েকজন সুদানি নাগরিক আছেন।
ফ্রান্সের উপকূলীয় কর্তৃপক্ষ প্রেমার বলেছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সানগাত্তে উপকূলীয় এলাকা দিয়ে যাওয়ার সময় একটি জাহাজের কর্মীরা দেখেন, যাত্রীবোঝাই একটি নৌকা বিপদে পড়েছে। তারা এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানান।
পরে ফ্রান্সের লাইফবোট ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, নৌকার যাত্রীদের কেউ কেউ সাহায্যের জন্য চিৎকার করছেন। দোভেয়া লাইফবোটটি আগে থেকেই ইংলিশ চ্যানেলে ছিল। পরে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এটি সানগাত্তেতে উদ্ধার অভিযানে যোগ দেয়।
উদ্ধারকারীরা বলেছেন, চলতি সপ্তাহে এ নিয়ে সপ্তমবারের মতো তারা সাগরে বিপদে পড়া মানুষদের উদ্ধার করেছেন। তাদের ধারণা, মানব পাচারকারীরা ত্রুটিপূর্ণ নৌকা ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের বিভিন্ন জায়গায় পার করে থাকেন।
নৌকাডুবি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply