০৬ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইংল্যান্ডে চার সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরী প্রয়োজনের বাইরে থাকা দোকানপাট, রেস্টুরেন্ট, পাব ও জিম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হওয়া লকডাউন চলাকালে সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে। বাসার বাইরের অংশে বা বাগানে চলাচলেও সতর্ক থাকতে বলা হয়েছে। খবর: বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২ ডিসেম্বর পর্যন্ত লকডাউনের এই ঘোষণা দিয়েছেন। বলেছেন, দ্বিতীয় এই লকডাউন আমাদের প্রত্যাশিত ছিল না। তবে এটি আমাদের দেশের জন্য সর্বোত্তম ও নিরাপদতম পথ।
এদিকে, ব্রিটিশ পুলিশ জানিয়েছে, লকডাউনে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা পালন করতে হবে। কেউ তা ভঙ্গ করলে জরিমানা গুনতে হবে।
এর আগে, ব্রিটিশ সংসদ সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তৃতি মোকাবেলায় লকডাউনের বিষয়ে একমত হন। তাদের পরবর্তী করণীয় নির্ধারণ করতে হবে ২ ডিসেম্বরের মধ্যে।
এবারের লকডাউনে নতুন করে বিধিনিষেধ জারি করা হয়েছে অতিজরুরী প্রয়োজন কেউ যেন বাসা থেকে বের না হন। জরুরী পণ্য ছাড়া বাকিসব দোকান বন্ধ রাখতে হবে। বিনোদনকেন্ত্র, পাব, রেস্টুরেন্ট বন্ধ থাকলেও টেকওয়ে সার্ভিস খোলা রাখা যাবে।
প্রথম ধাপের লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার খোলা থাকছে। এ বিষয়ে দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ১১ বছরের চেয়ে বেশি বয়সের শিক্ষার্থীকে স্কুল বা ক্লাসরুমের বাইরে কোন কাজে অংশ নিতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। অসুস্থদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে নিষেধ করা হয়েছে।
লকডাউন/টিটি/আরএম
















Leave a Reply