করাচিতে বিমান দুর্ঘটনা

পাকিস্তানের করাচিতে শুক্রবারের বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে ২ জনকে । এদের মধ্যে ১৯ জনের মৃতদেহ শনাক্ত হয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি নগরীর বিমান বন্দরে অবতরণের জন্য বারবার চেষ্টা করে পাশের আবাসিক এলাকার ওপর ভেঙে পড়ে। এতে কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। অনেক রাত অবধি উদ্ধার অভিযান চলে।

শনিবার সকালে পিআইএ জানিয়েছে, বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিলো, এটি অবতরণের ঠিক আগে বেলা আড়াইটার দিকে বিধ্বস্ত হয়।

সিন্ধুর স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, দুর্ঘটনার স্থান থেকে যাত্রী ও ক্রুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় একটি হাসপাতাল এর আগে জানায়, তারা বিধ্বস্ত এলাকা থেকে অনেকগুলো লাশ পেয়েছে। শনিবার সকালেও এলাকাটি ঘিরে রাখা ছিল। আকাশে ছড়ানো ধোঁয়ার মধ্যেই উদ্ধারকর্মী ও স্থানীয়রা ধ্বংস স্তুপে অনুসন্ধান চালায় এবং দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে।

এএফপি’র একজন সংবাদকর্মী জানিয়েছেন, তিনি মৃতদেহ অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন।

ঈদুল ফিতরের উৎসবে অংশ নিতে যাত্রীরা বিমানে করে নিজের এলাকায় ফিরছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *