২৬ এপ্রিল ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে ভারতজুড়ে হাহাকারের মাঝে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নায়ক অক্ষয় কুমার। কোভিড-১৯ রোগীদের সাহায্যের জন্য এবার এক স্বেচ্ছাসেবী সংগঠনকে মোটা অঙ্কের টাকা দান করলেন এ অভিনেতা।
দিল্লিতে সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের এনজিও-তে করোনা রোগীদের চিকিৎসার জন্য এক কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের এ মানবিক উদ্যোগের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গৌতম গম্ভীর।
তিনি লিখেন, এই অন্ধকার সময়ে প্রত্যেকটা সাহায্যে এক একটা আশার আলো। গৌতম গম্ভীর ফাউন্ডেশনে ১ কোটি টাকা দেয়ার জন্য অক্ষয় কুমারকে অনেক ধন্যবাদ। এই টাকা অভাবী মানুষের ওষুধ, খাবার প্রভৃতি জোগাতে কাজে লাগবে বলেও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ তারকা।
দুঃসময়ে প্রিয় অভিনেতার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার ভক্তরা।
গতবছর করোনা বিপর্যয়ের সময়েও অনুদান দিয়েছিলেন অক্ষয় কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেসময় যে রিলিফ ফান্ডের ব্যবস্থা করেছিলেন, তাতে অক্ষয় কুমার দিয়েছিলেন ২৫ লাখ টাকা।
করোনা ভাইরাস/এসকেএম















