কানাডায় দাবদাহে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

০১ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, কানাডা): শীতপ্রধান দেশ কানাডায় রেকর্ড ভাঙা তাপমাত্রায় বিপর্যস্ত দেশটির স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র দাবদাহে গত শুক্রবার থেকে এ পর্যন্ত ২২৩ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে ব্রিটিশ কলম্বিয়ার লিটন গ্রামে। ওই এলাকায় তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। খবর: সিএনএন।

শীতপ্রধান দেশটিতে এমন অস্বাভাবিক তাপমাত্রায় নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বেশি মারা যাচ্ছেন বৃদ্ধরা।

জলবায়ু পরিবর্তনের কারণেই দেশটিতে রেকর্ড ভাঙা দাবদাহ চলছে বলে দাবি পরিবেশবাদীদের। দাবদাহে শিশু থেকে বৃদ্ধরা দীর্ঘস্থায়ী জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। কর্তৃপক্ষ বলছে ভ্যাঙ্কুভার এবং এর পার্শ্ববর্তী এলাকা বার্নাবে ও সারেতে আকস্মিক মৃত্যুর ঘটনা বাড়ছে।

আপাতত তাপামাত্রা কমার লক্ষণ না থাকায় সাধারণ মানুষকে সাবধানে চলাফেরার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিশেষ করে পর্যাপ্ত পানি পানের কথা বলছেন চিকিৎসকরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা।

তাপমাত্রা/এসকেএম