৫ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার্যমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়েই বিএনপির রাজনীতি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি-এ দুটি নিয়েই বিএনপি’র রাজনীতি আবর্তিত। এর বাইরে তারা যেতে পারছে না। এটি তাদের জন্য দুঃখজনক।
রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিবের মন্তব্য ‘খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না’ এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব কথা বলতে গিয়ে কখন কোনটা বেফাঁস বলে ফেলছেন, এই বক্তব্যই তার প্রমাণ। বেগম জিয়া রাজনীতিতে আসার বহু বছর, প্রায় চল্লিশ দশক আগে আওয়ামী লীগ জন্ম। আওয়ামী লীগ নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার এ ধরণের কথা অবান্তর। কোনও ইস্যু না পেয়ে বিএনপি মাঠ গরম করার জন্য নানা ধরণের কথা বলছে। তারা তো জনগণের জন্য রাজনীতি করে না। তাদের রাজনীতি পুরোটাই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক রহমানের শাস্তি নিয়ে আবর্তিত। আমরা চাই বেগম খালেদা জিয়া সুস্থ হোন। খুব সহসাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে প্রশ্নে মন্ত্রী হাছান মাহমুদ শিক্ষার্থীদেরকে যাতে কেউ রাজনীতির ক্রীড়ানক হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা যে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে তার প্রতি আমরা সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে সারাদেশে বিআরটিসি বাসে হাফভাড়া কার্যকর করেছেন। বেসরকারি বাস মালিক সমিতিও ঢাকায় এটি কার্যকর করেছে। চট্টগ্রামেও কার্যকর হচ্ছে বলে জেনেছি। কিন্তু রাস্তাঘাট আটকিয়ে মানুষের ভোগান্তি ঘটিয়ে আন্দোলন কতটুকু যৌক্তিক, সেই প্রশ্নও থেকে যায়।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, শিক্ষার্থীদের মায়েরাও এখানে ঢুকে পড়েছেন। ৩৫ বছর বয়সী একজন রাজনৈতিক নেত্রী স্কুল পোশাকে আন্দোলন করছেন। অর্থাৎ সেখানে রাজনীতি ঢুকে গেছে। এ থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply