২৪ জুন ২০২১ (নিউজ ডেস্ক): বীর মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকা (চতুর্থ পর্ব) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণ অন্তে ৮ বিভাগের ৫৫ উপজেলার ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ( www.molwa.gov.bd ) পাওয়া যাবে।
প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের তালিকা প্রকাশ করা হয়। গত ৯ মে দ্বিতীয় ধাপে প্রকাশিত হয় ৬ হাজার ৯৮৮ জনের তালিকা। সবশেষ ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়/এসকেএম















