নিউজ ডেস্ক: নোয়াখালীতে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিক ও বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদাভাই)।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আলীপুর গ্রামের সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সিরাজুল আলম খানের তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে তাকে দাফন করা হয়। জানাজার আগে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খানকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসির আরাফাত।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে আলীপুর গ্রামের পৈতৃক ভিটায় সিরাজুল আলম খানের মরদেহ আনা হয়। সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সিরাজুল আলম খানের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন নোয়াখালী-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ বি এম জাফর উল্যাহ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ।
এ ছাড়া সিরাজুল আলম খানের মরদেহের সাথে ঢাকা থেকে আসেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, ভাইস চেয়ারম্যান তানিয়া রব, কবি ফরহাদ মজহার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ অন্যরা।
গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন সিরাজুল আলম খান। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশের রাজনৈতিক অঙ্গনে ‘দাদাভাই’ হিসেবেও পরিচিত ছিলেন সিরাজুল আলম খান। ১৯৬১ সালে ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক হন সিরাজুল আলম খান। ১৯৬৩ সালে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭২ সালে তার উদ্যোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হয়।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply