ছেলেকে নিয়ে শাবনূরের স্বপ্ন

০৭ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে অভিনয়শিল্পী শাবনূর। বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে। বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়া শাবনূরের জীবনে বড় ধরনের ধকল বয়ে গেছে কদিন আগে। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে এখন অস্ট্রেলিয়ায় আছেন এ নায়িকা। সাথী একমাত্র ছেলে আইজান। 

সম্প্রতি সিডনি থেকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আইজানকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানান শাবনূর। 

শাবনূর বলেন, আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। যে কোনো দেশের খেলা টেলিভিশন চললে, ওকে সরানো যায় না। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। কখন কীভাবে যে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা জন্মাল, টেরই পেলাম না। আমিও চাই, আমার ছেলে খুব ভালো একজন ক্রিকেটার হয়ে ওঠুক। এটিই আমার স্বপ্ন।

‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে অভিনয় শুরু শাবনূরের। টানা তিন দশক দাপটের সাথে ঢালিউডে কাজ করেছেন। ২০১০ সালের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ঢাকা টু সিডনি যাওয়া আসার মধ্যে থাকায় অভিনয়টা গৌন হয়ে পড়ে তার কাছে। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া শাবনূর তার সন্তানকে নিয়ে এখন সেখানেই থাকছেন।

শাবনূর বিচ্ছেদ যাতনা ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয় হয়েছেন। শিগগিরই নিজের ইউটিউব প্ল্যাটফরম চালু করবেন বলে জানান এ নায়িকা। 

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *