জার্মানিতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

২৮ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, জার্মানি): জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর লেভারকুজেনের শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও চারজন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে কেমিক্যাল পার্কটির (কেমপার্ক) একটি বর্জ্য ব্যবস্থাপনা কারখানায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। খবর: ডয়েচে ভেলের।

শিল্প এলাকাটিতে ৩০টিরও বেশি কারখানা রয়েছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার রাসায়নিক ও দাহ্যপদার্থের গোডাউনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন টানা ৩ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষাক্ত গ্যাস থেকে নিজেদের রক্ষা করতে পুলিশ শহরের বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

এ ঘটনায় কারখানা থেকে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিস্ফোরণ/এসকেএম