ট্রাম্পের টুইটার স্থায়ীভাবে বন্ধ

০৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।

শুক্রবার এক বিবৃতিতে টুইটার জানায়, সহিংসতায় উসকানি দেয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। খবর: বিবিসির।

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে বুধবার ট্রাম্প সমর্থক উগ্র শ্বেতাঙ্গ দাঙ্গাবাজদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের টুইটার একাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল।

টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই দাঙ্গাবাজদের উদ্দেশে ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের পর তারা ক্যাপিটল ভবনে হামলা চালায় এবং এর ফলে এক নারী ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

টুইটার বলেছে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর তার একাউন্টটি চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে।

আবারও দাঙ্গায় উসকানি দেয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওই টুইটে উল্লেখ করা হয়েছে। একটি ব্লগ পোস্ট প্রকাশ করে টুইটার ট্রাম্পের একাউন্ট বন্ধ করার কারণ বিস্তারিত ব্যাখ্যা করেছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম