দেশব্যাপী সমালোচনার মুখে মিথ্যাচার করছে বিএনপি

২ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশব্যাপী সমালোচনার মুখে প্রচন্ড মিথ্যাচার করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে পাঠানো বিএনপি মহাসচিব স্বাক্ষরিত চিঠি ও বিভিন্ন লবিস্ট ফার্মের সাথে বিএনপির ঢাকা অফিসের ঠিকানা সম্বলিত চুক্তিনামা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশকে সাহায্য প্রদান ও রপ্তানি বাণিজ্য বন্ধ করা এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে বিদেশিদের কাছে বিব্রত করতে বিএনপি যে চিঠি লিখেছে এবং লবিস্ট নিয়োগ করেছে, এজন্য দেশব্যাপী সমালোচনার মুখে গতকাল (মঙ্গলবার) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে আত্মরক্ষার চেষ্টা করেছেন। তবে সংবাদ সম্মেলনে তিনি যে বিদেশিদের কাছে চিঠি লিখেছেন সেটি শেষ পর্যন্ত স্বীকার করেছেন। কিন্তু সাহায্য বন্ধ করার জন্য যে কথা বলেছেন তা অস্বীকার করেছেন।

তথ্যমন্ত্রী এসময় যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য বিষয়ক হাউজ কমিটির চেয়ারওম্যান ও বৈদেশিক প্রোগ্রাম বরাদ্দ বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যানের কাছে ১৭ এপ্রিল ২০১৯ তারিখে লেখা এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান ও নিকটপূর্ব, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং কাউন্টার টেররিজম বিষয়ক সিনেট সাব-কমিটির চেয়ারম্যানের কাছে ২৪ এপ্রিল ২০১৯ তারিখে লেখা বিএনপির প্যাডে মির্জা ফখরুল সাহেব স্বাক্ষরিত চিঠির কপিগুলো তুলে ধরেন। মন্ত্রী চিঠিগুলোর শেষ অনুচ্ছেদ পড়ে শোনান।

তথ্যমন্ত্রী লবিস্টদের সাথে বিএনপি’র চুক্তিপত্রগুলো দেখিয়ে উল্লেখ করেন বিএনপি কয়েকটি চুক্তিতে তাদের কার্যালয়ের ঠিকানা ২৮ ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা, বাংলাদেশ দিয়েছে। তাদের পক্ষে আব্দুস সাত্তার চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং একই ধরণের চুক্তি তারা বিদেশের ঠিকানা দিয়ে করেছেন, সেখানে স্বাক্ষর করেছেন জিয়াউল ইসলাম।

ডক্টর হাছান বলেন, যে রাজনৈতিক দল এ ধরণের কাজ করে, তাদের আসলে দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *