২০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশের নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বাধীন বর্ণনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য কারও সহযোগিতা দরকার আছে বলে আমি মনে করি না। কারণ ইতিপূর্বে নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনেক নির্বাচন করেছে।

সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের প্রথম প্রকাশনা সাময়িকী ‘বিএসআরএফ বার্তা’ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডক্টর হাছান এসময় বিএসআরএফ বার্তা প্রকাশ করায় সংগঠনটিকে অভিনন্দন জানান এবং সাময়িকীটি নিয়মিত প্রকাশ হবে বলে আশা প্রকাশ করেন।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য বিএনপি’র ডাকের বিষয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতৃবৃন্দ গত সাড়ে ১২ বছর ধরে এই দাবি করে আসছেন। এবং জনগণকে আহ্বান জানিয়ে আসছেন কিন্তু জনগণ তো তাদের আহ্বানে সাড়া দেয়নি। সাড়া দেয়ার কোনও কারণও নাই। বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। বিএনপিকে বলবো, এ ধরনের ফাঁকাবুলি আউড়িয়ে লাভ হবে না।
বিএনপি মহাসচিবের মন্তব্য ‘সরকার ভয়ে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিচ্ছে না’ এর জবাবে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি’র বরং সরকারকে বহু আগে ধন্যবাদ দেয়া প্রয়োজন ছিল। বিএনপি নেত্রী বেগম জিয়া জামিনে মুক্তি পাননি কিম্বা আদালত কর্তৃক খালাসও পাননি। প্রধানমন্ত্রী আইনপ্রদত্ত ক্ষমতাবলে তার সাজা স্থগিত করেছেন। সেই কারণে তিনি কারাগারের বাইরে আছেন। এই জন্য বিএনপি’র শুকরিয়া আদায় করা প্রয়োজন, সরকারকে ধন্যবাদ দেয়া উচিত। সরকার যেকোনও সময় চাইলে ৬ মাসের সাজা স্থগিতাদেশ বাতিল করতে পারে। সে আদেশ যদি আগামীকাল বাতিল হয় তাহলে তখনই বেগম খালেদা জিয়াকে কারাগারে ফেরত যেতে হবে। এটিও বিএনপি’র মনে রাখা প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply