৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): ঋণ নির্ভর বাজেটের কারণে দেশের পরিস্থিতি শ্রীলংকার মত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। বাজেট প্রতিক্রিয়ায় সংসদের বিরোধীদলীয় উপনেতা অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেশি হলে ব্যবসায়ীদের বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন। বলেন, এতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সংকুচিত হতে পারে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপনের পর জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের কাছে জিএম কাদের এমন মন্তব্যই করলেন।
তিনি প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী বলে মন্তব্য করেন। বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই বিশ্বজুড়ে অস্থিরতা চলছে। এ কারণে বেড়েই চলছে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম । এমন বাস্তবতায় বিশাল বাজেট উচ্চভিলাষী।
বাজেটের সমালোচনা করে জিএম কাদের বলেন, আড়াই লাখ কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে। যা জিডিপি’র ৫ শতাংশের ওপর। আবার ৩৬ শতাংশ অভ্যন্তরীণ ঋণের ওপর ভরসা করা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেশি হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। আবার বিদেশি ঋণের পরিমাণ ১৪ দশমিক দুই ভাগ। দিনে দিনে বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধির কারণে শ্রীলংকার মত বিপর্যয় সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: মির্জা ফখরুলের বাজেট প্রতিক্রিয়া
তিনি বলেন, ডলারের বিপরীতে টাকার মূল্য কমছে। মুদ্রাস্ফীতির কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবন কষ্টকর হয়ে উঠতে পারে। অন্যদিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশ্ববাজার থেকে কিনে ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে বিক্রির জন্য একটি উদ্যোগ থাকা উচিত ছিল। পাশাপাশি গত বছরের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত কর আদায়ের বিরূপ প্রভাব সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাবে।
বাজেট প্রতিক্রিয়া/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














