নিউজ ডেস্ক: বিএনপি দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করতে অস্থির ও পাগল হয়ে উঠেছে। এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বলেন, বিএনপির নেতা তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে। সেখান থেকে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে। লন্ডনে নিরাপদে থেকে দেশে বিএনপির কর্মীদের ও এদেশের মানুষকে ঝুঁকিতে ফেলছে।
বুধবার রাজধানীর শাহবাগে শিশু পার্কের সামনে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার ক্ষমতা কারও নেই। বিএনপির আন্দোলনের কোন ভিত্তি নেই। তাদের আন্দোলনে কিছু কর্মী অংশ নিলেও সাধারণ জনগণ এসব আন্দোলনের সাথে নেই। ক্ষমতায় থাকতে বিএনপি যেসব অপকর্ম করেছিল, সেজন্য তারা এখনও জনবিচ্ছিন্ন। কাজেই, বিএনপি আন্দোলন করে কখনও সফল হতে পারবে না।
তিনি বলেন, বিএনপি এখন বিদেশে ধরনা দিচ্ছে, বিদেশিদের হাতে-পায়ে ধরছে আর দেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। বিএনপি মনে করছে, আন্দোলন-সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে। কিন্তু সেটি তারা পারবে না, কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস এদেশের জনগণ। জনগণ আওয়ামী লীগের সাথে আছে।
সারা বছর ফুল উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও যাতে রফতানি করতে সরকার নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ফুল খুবই সম্ভাবনাময় ফসল। এখন বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ বাড়ছে। সেজন্য, ফুল চাষিদের স্বার্থ রক্ষায় কৃত্রিম বা সিনথেটিক ফুলের ব্যবহার কমাতে হবে। কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে, যাতে করে আমদানি না হয়।
অনুষ্ঠানে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি বাবুল প্রসাদ, সাধারণ সম্পাদক রাজীব শেখ মেরিন, উপদেষ্টা মোস্তফা জামানসহ অন্যরা বক্তব্য রাখেন।
কৃষিমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply