দেশে টিকার কোন সংকট নেই

০৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে টিকার কোন সংকেট নেই। দেশের সব নাগরিকই কোভিড-১৯ প্রতিরোধক টিকা পাবেন।

শনিবার সকালে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে’ ভার্চ্যুয়ালি যুক্ত থেকে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এসময় তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। সরকারের হাতেও পর্যাপ্ত পরিমান টিকার মওজুদ রয়েছে। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণানুযায়ী দেশের সব মানুষকে করোনা প্রতিরোধক টিকা প্রদান করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। আগামীতে আরও প্রচুর পরিমাণ টিকা দেশে আসবে। ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’কে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে এ টিকা নেয়ার আহ্বান জানান।

সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ নূর আজিজুর রহমান, স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। খবর: বাসস।

করোনা ভ্যাকসিন/এসকেএম