নির্বাচনকে ভয় পায় জনবিচ্ছিন্ন বিএনপি

২ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেজন্য তারা নির্বাচনকে ভয় পায়। সে কারণেই নির্বাচন কমিশন নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন তুলছে।

বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বিএনপির বিভিন্ন মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, জনগণের সাথে তাদের কোনও সম্পর্ক নেই। তারা পেট্রোলবোমা নিক্ষেপ করে, ধ্বংসাত্মক রাজনীতি করে জনগণ থেকে দূরে সরে গেছে। তাই তারা আসলে নির্বাচন করতে চায় না।

ডক্টর হাছান বলেন, বিএনপি নির্বাচন করতে চায় না। কারণ তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখেই বলছি তিনি এবং তারেক রহমান আদালতে শাস্তিপ্রাপ্ত আসামী হওয়ায় বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাচন করতে পারবেন না। যেহেতু তারা দুইজনই নির্বাচন করতে পারবেন না, সেজন্য বিএনপির আসলে নির্বাচন নিয়ে কোনও আগ্রহ নেই। তারা যে নির্বাচনকালীন সরকারের কথা বলে, এগুলো আসলে বাহানামাত্র। আপনারা জানেন ২০১৪ সালে তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল। ২০১৮ সালের নির্বাচনও বর্জন করার ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে অংশগ্রহণ করেছিল নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে।

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করতেন এবং তাকে বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানে উল্লেখ করেন সম্প্রচারমন্ত্রী। বলেন, ডাক্তার জাফরুল্লাহর তালিকা থেকে সিইসি নিযুক্ত হয়েছেন। এজন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সিইসির ওপর আস্থা রাখার জন্য বিএনপিসহ সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন বিএনপি ডাক্তার জাফরুল্লাহকেও অস্বীকার করছে।

‘বিএনপি কখন কাকে অস্বীকার করে, এক সময় কোনও কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও বিএনপি অস্বীকার করতে পারে সেটাও হতে পারে’ মন্তব্য করেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ