নির্বাচন বয়কট করলেন হিরো আলম

নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন এ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

হিরো আলমের পক্ষ থেকে এ ঘোষণা দেন তার নির্বাচনী কমিটির প্রধান নির্বাচনী এজেন্ট ইলিয়াস হোসেন। সোমবার রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে এ ঘোষণা দেন তিনি।

হিরো আলমের ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে এ ঘোষণা দেয়া হয়।

ইলিয়াস হোসেন বলেন, হিরো আলমের ওপর হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটা সম্পূর্ণ পরিকল্পিত। জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মীরাই এ হামলা করেছে। এ নির্বাচন আমরা বর্জন করলাম।

তিনি বলেন, আমরা সম্পূর্ণরূপে এই নির্বাচন বয়কট করছি। এখন যদি হিরো আলম বিপুল ভোটে জয়ীও হন তবুও আমরা এই নির্বাচন বর্জন করছি। হিরো আলমের ওপর যারা হামলা করেছে তাদের বিচার চাই।

এর আগে, সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে হামলার শিকার হন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

মারধরের পর হিরো আলমকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন কেন্দ্রে হিরো আলমের এজেন্টদেরও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন এই প্রার্থী।

হিরো আলম/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ