নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভারতীয় সেনাবাহিনীর ট্রাক

০১ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীদের বহন করা একটি ট্রাক খাদে পড়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার দেশটির পূর্ব সিকিমের গ্যাংটকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর: জি নিউজ।

দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, কুমাওন রেজিমেন্টের ছয় জওয়ান গ্যাংটক যাচ্ছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও দুই জওয়ানের মৃত্যু হয়। অপরজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।

আহতদের শিলিগুঁড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে সেনা সদস্যদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন এবং পুলিশের উদ্ধারকারী দল।

ভারত/এসকেএম