পরিবেশমন্ত্রী সকাশে ইতালির অ্যাম্বাসেডর

১৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিনের সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির অ্যাম্বাসেডর এনরিকো নুনযিয়াতা সাক্ষাৎ করেন।

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎকালে ইতালির অ্যাম্বাসেডর পরিবেশমন্ত্রীকে অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য প্রি-কপ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ইতালীর অ্যাম্বাসেডরকে জানান, বাংলাদেশ ক্লাইমেট ভালনারিবিলিটি ফোরাম এবং ভালনারেবল-২০ এর সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামগ্রিক সমৃদ্ধির লক্ষ্যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ঘোষণা করেছেন।

পরিবেশমন্ত্রী এসময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোতে ধনী দেশগুলোর প্রতিশ্রুত বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানসহ প্যারিস জলবায়ু চুক্তির অন্যান্য বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও মন্ত্রী জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে ইতালির সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশে নিযুক্ত ইতালির অ্যাম্বাসেডর ইতালিতে অনুষ্ঠিতব্য ‘ইউথ ফর ক্লাইমেট’ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রীকে আমন্ত্রণ জানান। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সংশ্লিষ্ট কার্যক্রমে ইতালি বাংলাদেশ একযোগে কাজ করবে।

বাংলাদেশ ইতালির অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে অ্যাম্বাসেডর বলেন, চলমান সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন , অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ) মোহাম্মদ মনিরুজ্জামান এবং যুগ্ম-সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *