পাশ্চাত্যের নয়, দেশীয় মূল্যবোধ অনুসরণে শিক্ষার্থীদের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

১৬ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): পাশ্চাত্যের অন্ধ অনুকরণ না করে, দেশীয় মূল্যবোধের অনুসরণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

শনিবার রাজধানীর চট্টগ্রাম ভবন মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, চট্টগ্রাম সমিতি, ঢাকার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শহীদ কাদের চৌধুরী ও আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেদুল মাহমুদ রাসেল।

ডক্টর হাছান মাহমুদ বলেন, প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। তবে শুধু স্বপ্ন থাকলেই হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা থাকতে হবে। আর জীবনের স্বপ্ন ও প্রচেষ্টার মধ্যে সমন্বয় সাধন করতে পারলেই জীবনে সফল হওয়া যায়।

সহপাঠীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের বন্ধুদের মধ্যে কেউ পিছিয়ে পড়লে, তাকে প্রয়োজনীয় সাহায্য করে টেনে তুলবে। প্রয়োজন হলে তাকে আর্থিকভাবেও সহায়তা করবে।

বাবা-মার প্রতি দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানিয়ে ডক্টর হাছান বলেন, বাবা-মা অনেক আশা নিয়ে তোমাদের লেখা-পড়া করতে রাজধানীতে পাঠিয়েছেন। বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে তারা শিশুর মতো হয়ে যান। তাই তাদের প্রতিও তোমাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ছাত্রজীবন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় সময়কে যে সবচেয়ে বেশি কাজে লাগাবে সে জীবনে সবচেয়ে বেশি সফলতা লাভ করবে।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *