নিউজ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে (হৃদযন্ত্র) ‘পেসমেকার’ (ইলেকট্রনিক ডিভাইস) বসানো হচ্ছে।
রোববার বিকালে হাসপাতালের চতুর্থ তলায় ক্যাথল্যাবে এই যন্ত্র বসানো শুরু হয়। এর আগে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা একাধিকবার বোর্ড সভা করে ‘পেসমেকার’ স্থাপনের সিদ্ধান্ত নেন। হাসপাতাল ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ছিল, একটা স্টেন্টও লাগানো ছিল। সব কিছু পর্যালোচনা করে এখন মেডিকেলে বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। উনাকে বিশেষায়িত কক্ষ নেয়া হয়েছে। ম্যাডামের পরিবার ও বিএনপি দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
পেসমেকার হলো হৃদস্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র, যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃদপেশিতে পাঠায় এবং হৃদপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
গত ২১ জুন দিবাগত রাতে গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ ‘অসুস্থ’ হয়ে পড়লে রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে খালেদা জিয়ার সবশেষ অবস্থা পর্যালোচনা করেন। মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডাক্তার জোবায়েদা রহমানসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
এ বিষয়ে অধ্যাপক ডাক্তার জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন।
খালেদা জিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply