১৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে রক্ষা করতে না পারা বাঙালি জাতির বড় ব্যর্থতা।
সোমবার রাজধানীর মৎস্য ভবনে শেখ রাসেল দিবস ২০২১ উপলেক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ রাসেলকে হত্যার মাধ্যমে ঘাতকরা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিকে হত্যা করতে চেয়েছিল, বঙ্গবন্ধুর ধারাবাহিকতাকে হত্যা করতে চেয়েছিল। জাতির পিতার পরিবারকে রক্ষা করতে না পারা জাতি হিসেবে আমাদের বড় ব্যর্থতা।
মন্ত্রী বলেন, শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরসূরি। জন্মের পরই তার ধমনীতে রাজনীতি সূচিত হয়েছিল। অসাধারণ, অকল্পনীয় ব্যক্তিত্বের বিকাশ তার মধ্যে হয়েছিল।
শ ম রেজাউল করিম বলেন, শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সে মানুষগুলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তারা বাংলাদেশে বিশ্বাস করে না। বঙ্গবন্ধুতে বিশ্বাস করে না। তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-এর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করে না।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার শেখ আজিজুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল জলিল ও মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন ওয়াসিম মকসুদ।
স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে মৎস্য অধিদপ্তরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন শ ম রেজাউল করিম।
শ ম রেজাউল করিম/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply