বলিউড অভিনেতা সতীশ কৌশিক মারা গেছেন

বিনোদন ডেস্ক: বলিউড পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক মারা গেছেন। মাত্র ৬৬ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই তারকা।

বৃহস্পতিবার সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ট্যুইটারে এ খবর জানান প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের।

অনুপম খের ট্যুইটার পোস্টে লিখেছেন, জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনও ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনও দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ বিচ্ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে।

এমনিতে সুস্থই ছিলেন সতীশ কৌশিক। এক দিন আগেও বলিউডের হোলি পার্টিতে আনন্দ করেছিলেন, হুল্লোড় করেছিলেন। ফেসবুকে রঙিন আনন্দের সেই মুহূর্তকে সবার সাথে শেয়ার করেছিলেন অভিনেতা। জাভেদ আখতারের বাড়িতে হোলি পার্টিতে রং মেখে ছবি পোস্ট করেন সতীশ।

এখন পর্যন্ত সতীশের মৃত্যুর কোনও কারণ নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে সতীশের সহ-অভিনেতা অনুপম খের ট্যুইটে জানান, গাড়ির মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

জানা গেছে, আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে। এ মুহূর্তে গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে রয়েছে তার মরদেহ। সেখানেই মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এরপর মুম্বাইয়ে অভিনেতার বাসভবনে দেহ নিয়ে যাওয়া হবে।

১৯৫৬ সালের ১৩ এপ্রিল, হরিয়ানার মহেন্দ্রগড়ে জন্ম সতীশ কৌশিকের। হরিয়ানাতেই প্রাথমিক স্তরের পড়াশোনা শেষ করে সতীশ চলে যান দিল্লিতে। ১৯৭২ সালে দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক পাস করেন তিনি। এরপর ভর্তি হন ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। ১৯৮০ সালের শুরুতে থিয়েটার অভিনেতা হিসেবে কাজ শুরু করেন সতীশ কৌশিক।

১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। পরবর্তীকালে ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন তিনি। সালমন খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। শুধু পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও আলাদা পরিচিতি ছিল তার।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *