বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

নিউজ ডেস্ক: ইতালির কৃষি ও সেবা খাতে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের আগ্রহ দেখিয়েছে দেশটি।

গতকাল সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্যব্যবস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশটির তিন মন্ত্রীর বৈঠক হয়। তিন মন্ত্রী হলেন কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিগিদা, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি ও বিচারমন্ত্রী কার্লো নর্দিও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বৈঠকে ইতালির মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে আব্দুল মোমেন বলেন, ইতালি তার সেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে কর্মীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে যথাযথ চ্যানেল বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে অবৈধ শ্রমিকদের বিষয়টি উঠে আসে। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সব সময় অবৈধ শ্রমিকদের নিরুৎসাহিত করে। বৈধ ও অবৈধ উভয় ধরনের শ্রমিকই ইতালি, এমনকি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি ইতালিকে যারা সুশিক্ষিত ও দক্ষ, এমন অবৈধ শ্রমিকদের বৈধ করার কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ইতালি খুবই খুশি যে বাংলাদেশ সব সময়ই বৈধ উপায়ে শ্রমিক অভিবাসনে সহায়তা করছে।

এফএওর সদর দপ্তরে ইন্টারন্যাশনাল ফান্ড অব অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিওর সাথে আরেকটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে তিনি বাংলাদেশে গম ও ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে আইএফএডির সহায়তা চেয়েছেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিন্ডি হেনসলি ম্যাককেইনও এফএওর সদর দপ্তরে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ডব্লিউএফপিকে বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহ করতে বলেছেন, বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য।

ইতালি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *