০৫ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদার উচ্চ আসনে উন্নীত করেছেন। তার নেতৃত্বেই দেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে। বলেছেন, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে ‘নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ কর্মসূচির আওতায় ধনবাড়ী উপজেলার ৪টি ভেন্যুতে মোট ৪০০ জন নারী তথ্যপ্রযুক্তি বিষয়ে ২ মাসজুড়ে প্রশিক্ষণ পাবেন।
কৃষিমন্ত্রী বলেন, অত্যন্ত দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সবক্ষেত্রে উন্নত করে সারা পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। ইতোমধ্যে তিনি বাংলাদেশকে পৃথিবীতে অন্যতম উন্নয়নশীল দেশ হিসাবে উন্নীত করেছেন। আজ সারা পৃথিবী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করছে।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী একজন নারী। তিনি ১৭ কোটি মানুষকে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বিরোধীদলের নেত্রী, স্পিকারসহ অনেক শীর্ষপদে নারীরা আজ অধিষ্ঠিত। তবে কয়েকজন নারীর ক্ষমতায়ন হলেই হবে না।
তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী… প্রায় সাড়ে ৮ কোটি নারী। তাদের ক্ষমতায়ন করতে হবে। তাদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সে জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচি তারই অংশ। নারীরা অনেক পরিশ্রমী ও মেধাবী। তাদের সম্ভাবনা অনেক বেশি। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের স্বনির্ভর ও দক্ষ হিসাবে গড়ে তুলে দেশ গঠন ও উন্নয়নে অবদান রাখতে পারবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ শহিদুল ইসলাম।
কৃষিমন্ত্রী/এসকেএম/আরএম
















Leave a Reply