১২ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): বাহরাইনে যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফা যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর বাদশা হামাদ বিন ইসা খালিফা এক রাজকীয় আদেশের মাধ্যমে তার পুত্র শেখ সালমানকে মন্ত্রীপরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেন। খবর: বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ)।
এর আগে ১৯৭১ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিএনএ জানায়, নতুন প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খালিফা দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এদিকে দেশটির প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুতে সরকারিভাবে দেশজুড়ে এক সপ্তাহের শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে।
মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার পর তার দাফন সম্পন্ন হবে। করোনা ভাইরাসের কারণে নির্দিষ্ট ও স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন এ সময় উপস্থিত থাকবেন।
শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড় সরকারি সকল বিভাগ সমূহ তিন দিন বন্ধ থাকবে।
বাহরাইন/এসকেএম
















Leave a Reply