নিউজ ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
শনিবার সকালে রাজধানীর নটরডেম কলেজ মাঠে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
তিনি বলেন, আমি মনে করি, বিএনপি এখন যতই বলুক নির্বাচনে আসবে না, সময় হলে তারাসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে।
মন্ত্রী বলেন, দেশে ২০২৩ সালে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
যে কোন মূল্যে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে উল্লেখ করে ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, ধর্মের নামে কিছু ধর্মান্ধ মানুষ ও বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করতে চাচ্ছে।
তিনি বলেন, সেই সাথে নির্বাচনে যাবে না বলে আন্দোলন সংগ্রামের নামে বিএনপি নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরি চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
মন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায়। কাজেই, সরকারের মৌলিক দায়িত্ব রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। সরকার যে কোন মূল্যে এটি করবে। বিএনপি নাশকতা করতে চাইলে কঠোরভাবে মোকাবেলা করা হবে।
কারিতাস বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে কৃষিমন্ত্রী বলেন, দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভূক্তির মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য বেসরকারি কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে কারিতাস বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কারিতাস আগামী দিনে তাদের সেবাধর্মী কর্মকাণ্ডের আরও বিস্তৃতি ঘটাতে সক্ষম হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply