বিএনপি মানুষকে মুখরোচক কথা বলে বিভ্রান্ত করছে

৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি দেশের মানুষকে বিভিন্ন মুখরোচক কথা বার্তার মাধ্যমে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, বিএনপি দেশের মানুষকে এখন স্বর্গের স্বপ্ন দেখাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশকে তারা নরক বানিয়ে রেখেছিল। যারা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। এখন তারা নতুনভাবে অনেক রকম মুখরোচক কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, পেশাগতভাবে আমাদের ভিন্নতা থাকতে পারে কিন্তু দিন শেষে সবাই এদেশের মানুষ। দেশটাকে নিয়ে অনেক সময় অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছে এবং এখনও হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এ সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানির আওতায় এসেছে উল্লেখ স্থানীয় সরকার মন্ত্রী জানান, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সরকারের একটি অগ্রাধিকারমূলক খাত। সবার জন্য নিরাপদ পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ এ লক্ষ্য পূরণে কাজ চলছে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি ছয় হাজার মানুষের জন্য শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন বলেও জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি ভিরা মেনডোনকা বিশেষ অতিথি ছিলেন।

এ সময়ে ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশীদ খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ তাজুল ইসলাম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *