৩০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): রাজত্ব পাওয়ার এক মাসের মাথায় মারা গেলেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জাতিগোষ্ঠী জুলু সম্প্রদায়ের রাণী শিয়িওয়ে মান্টফোমবি দামিনি জুলু। গত মাসে স্বামী রাজা গুডউইল জোয়েলিথিনির মৃত্যুর পর এই সম্প্রদায়ের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
জুলু রাজ পরিবার এক ঘোষণায় রাণী মান্টফোমবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। খবর: বিবিসি।
বিবৃতিতে রাজ পরিবার জানিয়েছে, গভীর শোক ও বেদনার সাথে রাজ পরিবার ঘোষণা করছে, জুলু জাতিগোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত রাণী শিয়িওয়ে মান্টফোমবি দামিনি জুলুর অপ্রত্যাশিত মৃত্যু হয়েছে। তার মৃত্যু রাজ পরিবারকে হতবাক করে দিয়েছে।
গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে গেলে রাণী মান্টফোমবিকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি।
রাজা গুডউইলের মৃত্যুর পর গত ২৪ মার্চ তিনি জুলুদের শাসক হন। টানা ৫০ বছর জুলু রাজ্য শাসন করেন রাজা গুডউইল। আফ্রিকাজুড়ে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে রাজা ছিলেন।
আফ্রিকা/এসকেএম/আরএম















