বিয়ের আসরে গুলি ছুড়ে নববধূর উদযাপন, খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আসরে বসে একে একে চারটি ফাঁকা গুলি ছুড়লেন কনে। পাশে বসে সেই উদযাপন উপভোগ করলেন বরও। তবে আনন্দের সে ক্ষণটিকে এভাবে উদযাপন করতে গিয়ে ফেঁসে গেছেন সেই নববধূ। ভারতীয় আইনে শাস্তিযোগ্য এমন কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতারের জন্য খুঁজে বেড়াচ্ছে দেশের পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

বিয়ের দিনটিকে উদযাপন করতে ভারতের উত্তরাঞ্চলীয় কিছু রাজ্যে গুলি ছোড়ার এমন ঘটনা খানিকটা স্বাভাবিক। এতে এমন উদযাপন করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এমনকি ভুলবশত গুলি লেগে আহত এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটে থাকে।

ভারতীয় আইন অনুযায়ী, তাড়াহুড়া বা অসতর্কভাবে কিংবা উদযাপনমূলক গুলি ছুড়তে কেউ যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এর মাধ্যমে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়, তাদের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা একসাথে দুটিই হতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বরের পাশে বসে উত্তর প্রদেশের ওই নারী ফাঁকা গুলি ছুড়ছেন।

স্থানীয় পুলিশ বলছে, ওই নারীর বিরুদ্ধে মামলা করা হবে। ঘটনার পর থেকে সে নারী পালিয়ে বেড়াচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ওই কনেরই এক আত্মীয় ভিডিওটি ধারণ করেছিলেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।

সংবাদমাধ্যমটিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেফতারের ভয়ে ওই নারী পলাতক।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ