বুরকিনা ফাসোতে ফের সেনা অভ্যুত্থান

আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনা ফাসোতে আট মাসের ব্যবধানে আবার সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন বর্তমান সামরিক সরকারের প্রধান পল-হেনরি দামিবা। সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে এ অভ্যুত্থানের নেতৃত্ব দেন। দেশটিতে রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

শুক্রবার সরকারি টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওর বলেন, সরকার ভেঙে দেয়া হয়েছে। সংবিধান ও অন্তর্বর্তী সনদ স্থগিত করা হয়েছে। খবর: আল-জাজিরা।

ক্যাপ্টেন ত্রাওরে বলেন, দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবেলায় অক্ষমতার কারণে একদল কর্মকর্তা দামিবাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা দেন, দেশের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সব ধরনের রাজনৈতিক ও সুশীল সমাজের কর্মকাণ্ড স্থগিত থাকবে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে এ নিয়ে আট মাসের ব্যবধানে দ্বিতীয়বার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটল। সেনা অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট রোচ কাবোরেকে হটিয়ে জানুয়ারিতে ক্ষমতা দখল করেছিলেন দামিবা।

অভ্যুত্থানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মুখপাত্র স্টিফানে ডুজারিক।

অভ্যুত্থান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ