বৃহস্পতিবার থেকে শিশুরা করোনা টিকা পাবে

৭ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকায় আগামী বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণের পর ২৫ আগস্ট থেকে পুরোদমে সারাদেশে শিশুদের টিকাদান শুরু হবে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে রোববার রাজধানীর নিপসম মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ১১ তারিখ থেকে আমরা ট্রায়াল শুরু করব। ফল ভালো হলে পুরোদমে শুরু করব। প্রথমে ঢাকায় দেয়া হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু করব।

তিনি বলেন, রোববার শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

এর আগে গত ৩০ জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছিল দেশে। সব মিলিয়ে শিশুদের জন্য ৩০ লাখ ডোজের বেশি টিকা এলো।

সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে করোনা ভাইরাসের টিকা দেয়ার লক্ষ্য ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ