ভারতে গুলি করে একই পরিবারের ৬ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের মোরেনায় তিন নারীসহ এক পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করেছেন প্রতিবেশী আরেকটি পরিবারের লোকজন। জমিজমা নিয়ে বিরোধের জেরে শুক্রবার এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।

মোরেনা জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরের লেপা গ্রামে ধীর সিং তোমার ও গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে বিরোধের জেরে আজ সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

এর আগে বাড়ির ময়লা ফেলা নিয়ে ২০১৩ সালে দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজন খুন হন। তখন গজেন্দ্র সিংয়ের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান।

আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে বিষয়টির মীমাংসা হলে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফিরে আসে। আজ ধীর সিংয়ের পরিবার লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার পর গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। নিহত ছয়জনের মধ্যে গজেন্দ্র সিং ও তার দুই ছেলেও রয়েছেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ বলেছে, দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। আজ যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাদের পরিবারের কয়েকজন সদস্যকে নিহত ছয়জনের স্বজনেরা হত্যা করেছিলেন বলে জানা যায়।

আজকের হত্যাকাণ্ডে জড়িত আটজনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *