ভারতে বজ্রপাতে ৬০ জনের মৃত্যু

১২ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের রাজস্থানে ও উত্তরপ্রদেশে বজ্রপাতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজস্থানে ২০ জন এবং উত্তরপ্রদেশে ৪০ জন প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার দেশটির এ দুই রাজ্যের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

খবরে বলা হয়, রাজস্থানের রাজধানী জয়পুর শহরে আমের দুর্গের একটি ওয়াচ টাওয়ারে এবং দেয়ালের ওপর উঠে সেলফি তুলার সময় বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। বজ্রপাতের সময় আতঙ্কিত হয়ে অনেকেই ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়েন। নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।

এছাড়াও রাজ্যে রোববার বজ্রপাতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিশু।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলত নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নারী ও শিশুসহ ৪১ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে প্রয়াগরাজ জেলায়। সেখানে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হতাহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া বৃষ্টির কারণে যারা গৃহপালিত পশু হারিয়েছেন তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হবে বলে জানানো হয়েছে।

বজ্রপাতের অধিকাংশ ঘটনাই ঘটেছে গ্রামাঞ্চলে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।

বজ্রপাত/এসকেএম