ভারতে সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত বেড়ে ২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে রাজ্যের খারগোনে এই দুর্ঘটনা ঘটে। সেখানকার পুলিশ সুপার (এসপি) ধরম বীর সিং এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, বাসটি মধ্যপ্রদেশের শ্রীখণ্ডি থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। পথে ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর ওপরে অবস্থিত সেতুর রেলিং ভেঙে বাসটি নিচে পড়ে যায়। নদীটি অনেক দিন ধরেই শুকিয়ে রয়েছে, কোনও পানি নেই। নিহতদের মধ্যে ছয়জন নারী ও তিন শিশু রয়েছে। এ ছাড়া আহত যাত্রীদের খারগোন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খারগোনের সাব-ডিভিশনাল অফিসার (পুলিশ) রাকেশ মোহন শুক্লা জানান, দুর্ঘটনার পর বাসচালকের কোনও সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা হতাহতদের উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এ ছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের ২৫ হাজার রুপি করে দেয়া হবে বলে জানানো হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *