ভিভিআইপিরা বঞ্চিত হবেন

১৯ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ভিভিআইপিরা বঞ্চিত হবেন আগে করোনা ভ্যাকসিন পাওয়া থেকে। তাদের পরিবর্তে যাদের প্রয়োজন তারাই আগে পাবেন ভ্যাকসিন। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শুরুতে ভ্যাকসিন নিচ্ছেন, বাংলাদেশেও এমন হবে কি না সে প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চিন্তাভাবনা করছি, যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে দেব। সম্মুখসারির ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকদেরও করোনার ভ্যাকসিন দেয়া হবে। যেটা প্ল্যান করা আছে সেভাবেই হবে। ভিভিআইপিরা আগে ভ্যাকসিন পাবেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বুধবার অথবা বৃহস্পতিবার আসছে। আমি বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করব।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগ করে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।

করোনা ভ্যাকসিন/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *