ভয়াবহ বন্যার কবলে জার্মানি

১৫ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটি। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে।

বৃহস্পতিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির খবরে জানা যায়, বুধবার রাতে জার্মানির একাধিক প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বন্যার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ছয়টি বাড়ি ধসে পড়েছে। আরও ২৫টি বাড়ি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলে হয়, রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশের আরভেইলার জেলায় বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েয়ে আরও বহু মানুষ।

জানা যায়, নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতর আটকা পড়া প্রায় ৫০ জন ছাদে আশ্রয় নিয়েছে।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে জানান, অনেক মানুষ অবস্থান নিয়েছে বাড়ির ছাদে। তবে সেখানে মোট কতজন অবস্থান করছে, তা এখনও পরিষ্কার নয়। অনেক এলাকায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানও হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে, শেষ হলে প্রকৃত অবস্থা জানা যাবে।

এদিকে বন্যার কারণে রাইন নদীতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাধা পড়েছে স্থানীয় রেল, সড়ক ও নৌ যোগাযোগব্যবস্থাতে। ভারী বৃষ্টির কারণে অনেক এলাকায় প্রবেশ করা যাচ্ছে না। জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রদেশের ভুলকানাইফেল জেলায়।

বন্যা/এসকেএম