মন্ত্রীর প্রশ্ন, চালের দাম বাড়লো কেন?

২১ জুন ২০২১ (নিউজ ডেস্ক): চালের দাম বেড়েছে। এর কারণ খতিয়ে দেখতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চৈত্র-বৈশাখ মাসে দেশে চালের দাম বাড়েনি, দেশে বোরো ধানের বাম্পার ফলন সত্ত্বেও চালের দাম কেন বেড়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দেন মন্ত্রী।

সোমবার ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১ এর খুলনা ও বরিশাল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। বাসা থেকে তিনি সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এবছর ধান ও চালের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। মিল মালিকরা ইচ্ছামতো চালের দাম বাড়াবেন সেটা মোটেই কাম্য না।

মন্ত্রী বলেন, ৩০ জুনের মধ্যে ৭৫ শতাংশ বোরো সংগ্রহ নিশ্চিত করে খাদ্য বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মন্ত্রণালয় থেকে ধান ও চাল সংগ্রহের যে নির্দেশনা জারি হয়েছে সে অনুযায়ী সংগ্রহ অভিযান সফল করতে হবে। এসময় চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত বাজার মনিটরিং এর ওপর গুরুত্ব দেন তিনি।

মিল মালিকদের কাছ থেকে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে বেরো সংগ্রহ করতে খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাগণকে তৎপর হওয়ার আহ্বান জানান। বলেন, তা না হলে মিল মালিকদের পাশাপাশি কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল আজিজ মোল্লার সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুম সভায় বক্তৃতা করেন।

চালের দাম/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *